দেশের পাঁচ বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা, ভূমিধসের আশঙ্কা
দেশের পাঁচটি বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। আজ শনিবার আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ৫ অক্টোবর সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী (৪৮-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (৮৯ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
উপকূলীয় এলাকাগুলোর জন্যও সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে বর্ষা মৌসুম শেষের দিকে থাকলেও কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিরতিহীন বৃষ্টির ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার সময় এটি শক্তিশালী আচরণ করে এবং প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এ সময় ইন্ডিয়ান ওশান ডিপোল (আইওডি) বা ইন্ডিয়ান নিনোর প্রভাব বঙ্গোপসাগরের ওপর পড়ছে, যা বৃষ্টির পরিমাণ বাড়িয়ে তুলছে।
পরবর্তী পরিস্থিতি জানতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Comments
Post a Comment